
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এক সন্তানের জননী গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বুধবার (৩ জানুয়ারি) আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রেপ্তাররা হলেন- মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার হিলয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষিতা নিজ বাড়ি থেকে আসামি কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
আরও জানান, পরে ধর্ষিতা বাড়িতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করলে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।