
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ডে অবস্থিত আমলাপাড়া এলাকায় নিত্যপণ্যের মতো নির্বিঘ্নে বিক্রি হচ্ছে মাদক ব্যবসায়ী শুভর ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক এতে ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভর মাদক বিক্রি হচ্ছে দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত। বেশিরভাগ সময় প্রকাশ্যেই বেচাবিক্রি হচ্ছে মাদক।
নাম প্রকাশ না করার শর্তে মাদক ব্যবসায়ী শুভর এক সহযোগী জানিয়েছেন, কিছুদিন পূর্বেও শিশু অপহরন ও ধর্ষন মামলায় গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের জড়িয়ে পড়ছে মাদক কারবারে। মাদক ব্যবসায়ী শুভ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা পৌঁছে দিচ্ছে নেশাখোরদের হাতে। মোটরসাইকেল নিয়ে এলাকা দাবিয়ে বেড়াচ্ছে। এছাড়াও ইয়াবা প্রতি ৩০০ টাকা করে মাদকসেবিদের হাতে তুলে দিচ্ছেন শুভ।
তারা আরও জানান, যারা নিয়মিত ক্রেতা, তাদের কাছ থেকে দাম কিছুটা কম রাখা হয়। এভাবে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন ২০০ থেকে ৩০০ পিছ ইয়াবা বিক্রি হয়। তবে বিভিন্ন দিবসে বিক্রি বেশি হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ৩/৪ বছরের বেশি সময় ধরে সবাইকে ম্যানেজ করে সহযোগীদের দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ী শুভ। তার সহযোগী হয়ে কাজ করছেন এলাকার অর্ধশতাধিক যুবক। সহযোগীদের কেউ গ্রেফতার হলে এলাকা ছেড়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী শুভ, পরে পরিস্থিতি শান্ত হলে গোপনে এলাকায় ফেরেন।
নগরীর প্রয়াস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা দুই যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আমলাপাড়া এলাকার বাসিন্দা। মাদক ব্যবসায়ী শুভর কাছ থেকে ইয়াবা কেনে সেবন করতেন। বন্ধুদের মাধ্যমে নেশায় আসক্ত হন। একপর্যায়ে গুরুতর অবস্থায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রয়েছে। এছাড়াও যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছে অভিযান চালিয়ে তাদের খুব দ্রুত আটক করা হবে।