
আমার নারায়ণগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন।
মনোনয়ন পত্র জমা দেয়া শেষে ভোটারদের শামীম ওসমান আহ্বান জানান, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনার অধিকার। আপনি আপনার অধিকারটা নষ্ট কইরেন না। আধাঘন্টা হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু ভোটটা দেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।