
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টায়ার-পেট্রোলের বোতলসহ মো: সোহেব হাওলাদার নামের এক ছাত্রদলের নেতাকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইলের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মো: সোহেব হাওলাদার নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইল পাড়া এলাকায় বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা।
জানা গেছে, রাতে ক্যানাল পাড় এলাকায় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে সোহেবকে আটক করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তার কাছ থেকে পেট্রোল ভর্তি একটি বোতল ও পুরাতন টায়ার জব্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা তামীম বলেন, ‘সোহেবকে আটকের পর পেট্রোলের বোতলের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, আগামীকাল হরতালের সময় এগুলো ব্যবহার করবেন।’’ বিগত দিনগুলোতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে সক্রিয়ভাবে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে নিজে উপস্থিত ছিলেন সোহেব। পরবর্তীকালে তিনি আমাদের কাছে এগুলো স্বীকারও করেছেন। তার বিভিন্ন কার্যক্রমের ভিডিও আমাদের হাতে এসেছে। পরে আমরা পুলিশের হাতে তাকে তুলে দিই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ছাত্রদল নেতা সোহেব হাওলাদারের গ্রেফতারের বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেন।