
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় পার্কিং করা একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ওসি গোলাম মোস্তফা বলেন, ‘গত রাতে পার্কিং বাসে এমন ঘটনা ঘটেছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকজনই আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেননি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতা তা আমরা খতিয়ে দেখছি।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এমন কোনো খবর পাইনি।’