
আমার নারায়ণগঞ্জ:
বিএনপি-জামায়াত ও গণতন্ত্র মঞ্চের ডাকা হরতালে শহরে সকালে মিছিল করেছে জামায়াত ও গণতন্ত্র মঞ্চ।
রোববার সকাল ৭টায় চাষাড়ায় জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক তরিকুল সুজনের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল বের হয়। এ সময় মিছিলকারীদের বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। মিছিলকারীদের সাথে পুলিশে ধস্তাধস্তিতেতে ছত্রভঙ্গ হলে একজনকে আটক করা হয়। তিনি হলেন নারায়ণগঞ্জ মহানগর জেএসডি সভাপতি মোতালেব মাস্টার।
তরিকুল সুজন আমার নারায়ণগঞ্জকে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার শিকার হয়েছে মিছিলকারীরা। আমাদের হরতালের ব্যানার ছিনিয়ে নিয়েছে। মোতালেব মাস্টার নামক এক নেতাকে আটক করা হয়েছে।’
এদিকে সকাল ৭টায় শহরের কালীরবাজারে সরকার পতনের স্লোগানে জটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী। ব্যানার ছাড়া ২০ থেকে ৩০ জনের মিছিলে নারায়ে ‘তাকবীর আল্লাহ, আল্লাহু আকবার’ ও ‘হরতাল, হরতাল’ স্লোগান দেওয়া হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘চাষাড়ায় হরতালের সমর্থনকারী মিছিলকারীরা বিশৃঙ্খলা চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একজনকে আটক করা হলেও তাকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী মিছিল করছে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।