
আমার নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের তিন কর্মকর্তাসহ সাতজনকে গাড়িসহ অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন আহত হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাদের গাড়িসহ উদ্ধার করে ফতুল্লা থানায় নিয়ে আসেন। এ সময় আহত অবস্থায় একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একজন নারীসহ ছয় থেকে সাতজন লোক ফতুল্লা মুসলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শাকিলের বাসায় ঝগড়ায় লিপ্ত হয়। তখন শাকিল চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনা জানতে চায়। ওই সময় শাকিল বলেন তার মুখে এসিড নিক্ষেপ করেছে। এতে স্থানীয় লোকজন ফুঁসে উঠে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একজনকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন জানতে পারেন তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা।
আটক মাদক কারবারি শাকিল জানান, তার বাসায় সাদা পোশাকে নারীসহ কিছু লোকজন গিয়ে মারধর করে মাটিতে ফেলে একটি বোতল থেকে পানির মত কিছু একটা মুখে ছিটিয়ে দেয়। এতে মুখ জ্বালাপোড়া করায় সে চিৎকার করেন। পরে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক বলেছেন তার চোঁখের সাদা পর্দা ফেটে গেছেন। উন্নত চিকিৎসা প্রয়োজন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ জানান, আমরা কর্মকর্তা কর্মচারীসহ সাতজন মুসলিমনগর সড়ক দিয়ে একটি মাদক বিরোধী অভিযানে যাচ্ছিলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়ি দেখে একজন ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন শাকিল নামে একজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪৪ পিছ ইয়াবা পাওয়া যায়। এ সময় তার বাড়িতে আরো মাদক আছে কিনা দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। ওই সময় শাকিলকে ছাড়িয়ে নিতে তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন কর্মচারী আহত হয় এবং শাকিলও আহত হয়। তবে তার মুখে আমরা কেউ কিছুই ছিটিয়ে দেয়নি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়িসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আহত অবস্থায় শাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শাকিল ও তার স্ত্রীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক রয়েছে।