
আমার নারায়ণগঞ্জঃ
আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ৫০-৬০ হাজার কর্মী নিয়ে অংশ নিয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন শামীম ওসমান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে ৫০-৬০ হাজার লোক এসেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে। আমাদের শক্তির উৎস হচ্ছে ওপরের রাব্বুল আলামিন এবং নিচে জনতা। আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।
তিনি বলেন, এ মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনো আওয়ামী লীগের ঘাঁটি আছে। আমরা শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব।