
আমার নারায়ণগঞ্জ:
পুলিশের সঙ্গে রাজনৈতিক দলেগুলোর বিভেদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের আগেই জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারে আরও গুরুত্ব দিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোতে অভিযোগপত্র দাখিল করা হবে জানিয়ে তিনি বলেন, অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোনো বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করা হবে। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার বরাবরের মতোই প্রতিবাদ জানিয়ে আসছে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের-৬২ বিজিবি দপ্তর পরিদর্শন করেন। এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।